
জাবি প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের কথা থাকলেও বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা ক্যাম্পাসে ঢুকতে না পারায় দোয়া মাহফিলের স্থান পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের কথা ছিল বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতাকর্মী।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগষ্ট) বাদ আসর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের কথা ছিল।
কিন্তু গত কয়েকদিন আগে জাবি ছাত্রদলের বর্ধিত আহবায়ক কমিটি ও নবগঠিত হল কমিটিতে ছাত্রলীগ, চাঁদাবাজ, ছিনতাইকারী, বহিষ্কৃতদের জায়গা দেওয়ায় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা হয়। তাই সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সুপার ফাইভ ক্যাম্পাস গত ৭ দিন ক্যাম্পাসের বাহিরেই অবস্থান করছে।
এদিকে এখনো তারা ক্যাম্পাসে ঢুকতে না পারায় পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন করে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর আবাসিক হলগুলোতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতাকর্মী।
শাখা ছাত্রদলের এক সদস্য বলেন, "শহীদ জিয়ার নিজ হাতের গড়া দলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে একদল স্বার্থান্বেষী নামধারী জাতীয়তাবাদী কর্মী। শাখা ছাত্রদলের বর্তমান আহবায়ক ও সদস্য সচিব সংগঠনকে তাদের পৈত্রিক সম্পদে পরিনত করেছে। "
তিনি আরও বলেন, "শুধুমাত্র আহবায়ক ও সদস্য সচিবের পদলেহন করে কমিটিতে জায়গা পেয়েছে বিতর্কিতরা। আমরা এদের ধিক্কার জানাই। এদের সাথে ছাত্রদলের কোন সম্পর্ক নেই। জাবি ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে এসব নামধারী জাতীয়তাবাদীদের রুখে দেবে বলেও জানান তিনি।
জাবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আতিকুজ্জামান আতিক বলেন, বিতর্কিতদের দিয়ে বর্ধিত আহবায়ক কমিটি দেওয়ায় জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা ক্যাম্পাসে অবস্থান ধরে রেখেছে। অনতিবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করতে হবে, অন্যথায় আমরা কঠিন থেকে কঠিনতম প্রতিরোধ গড়তে বাধ্য হবো।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে একাধিক বার কল দেওয়া হলেও কল তিনি কল রিসিভ করেননি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.