
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের বর্ধিত কমিটি ও নবগঠিত হল কমিটি নিয়ে বিতর্কের মাঝে কেন্দ্রীয় সেক্রেটারির উপস্থিতিতে দুই গ্রুপের উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে আলোচনা সভা থেকে শীর্ষ ৫ নেতাকে ধাক্কা দিয়ে বের করে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
রবিবার (১৭ আগষ্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এই ঘটনা ঘটে।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ, জাবি ছাত্রদলের বিরাজমান দুই গ্রুপের মধ্যে আলোচনা জন্য জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারির নাসির উদ্দিন নাসির ও সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সকাল সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে আসেন।
এসময় বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ভিতরে বর্তমান আহ্বায়ক কমিটির সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলোচনার সময় বিক্ষুব্ধ গ্রুপের নেতাকর্মীরা শাখা ছাত্রদলের সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এসময় দুই গ্রুপের নেতাকর্মীর মাঝে দফায় দফায় হাতাহাতি ঘটে।
এদিকে, শাখা ছাত্রদলের আহ্বায়ক-সদস্য সচিব সহ শীর্ষ পাঁচ নেতা তোপের মুখে আলোচনা ছেড়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। ভিডিওতে দেখা যায়, তাদের উদ্দেশ্য করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গালিগালাজ এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বের করে দেন। পরে দ্রুততার সাথে ক্যাফেটেরিয়ার সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরে লুকিয়ে যান শীর্ষ পাঁচ নেতা।
এক পর্যায়ে সুপার ফাইভের অনুপস্থিতিতে দুপুর ১টার দিকে বিদ্রোহী গ্রুপের সাথে আলোচনায় বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দের। পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা এই কমিটিকে বিলুপ্তের দাবি জানান এবং তাঁরা অভিযোগ করেন যোগ্য নেতাকর্মীদের পদ না দিয়ে সুপার ফাইভ তাদের মাই ম্যান দিয়ে কমিটি দিয়েছেন এবং সাবেক ছাত্রলীগ কর্মী দিয়ে হল কমিটি ও আহ্বায়ক কমিটির দেওয়ার অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জাবিতে ছাত্রদলের বর্ধিত ও হল কমিটি হয়েছে কিছুদিন। সকলের চাওয়া পাওয়া শতভাগ পুরণ হয়নি। তাদের কথা শুনেছি, আমরা আশা করছি বিষয়টির সমাধান হয়ে যাবে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি, ১৭টি হল ও ১টি অনুষদে কমিটিতে ছাত্রলীগ, হত্যা মামলার আসামি, মাদক- ছিনতাইকারীসহ নানা অভিযোগে অভিযুক্তরা পদ পেয়েছেন এমন অভিযোগ তুলে শোডাউন ও বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। কমিটি দেওয়ার পর থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ শীর্ষ পাঁচ নেতাকে গত ৯ দিন যাবত ক্যাম্পাসে দেখা যায়নি। আজ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে তাঁরা ক্যাম্পাসে আসলে বিক্ষুব্ধ নেতাকর্মীদের মাঝে এই উত্তেজনার সৃষ্টি হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.