জাবি প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন পদত্যাগ করে অনুসারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।
বুধবার (২০ আগস্ট) রাত ১১ টার দিকে তিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহবায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
এ বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। আগামীকাল সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানান।
একাধিক সূত্রে জানা গেছে, আগামীকাল জাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন৷ নির্বাচনকে ঘিরে বাগছাসের প্যানেল থেকে সহ-সম্পাদক(এজিএস) পদ নিয়ে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন তিনি৷ এই পদে তিনিসহ জিয়াউদ্দিন আয়ান, কাউসার আলম আরমান ও আহসান লাবিব মনোনয়ন প্রত্যাশী৷ কিন্ত আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সভায় জিয়া উদ্দিন আয়ানকে এজিএস হিসেবে মনোনীত করায় তিনি পদত্যাগ করেছেন বলে সূত্র জানায়।

