জাবি প্রতিনিধি: আগামী ১১ সেপ্টেম্বরের অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই আচরণবিধি লঙ্ঘন করেই ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের প্রোগ্রামে অংশে নিয়েছেন নির্বাচন কমিশনের এক সদস্য।
মঙ্গলবার (২৬ আগষ্ট) যোহরের নামাজের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘ জাতীয়তাবাদী প্রাক্তন শিক্ষার্থী ফোরাম’র কর্তৃক আয়োজিত দোয়া প্রোগ্রামে অংশ নেন তিনি।
জানা যায়, মাহফিলে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের উপস্থিতিতে শাখা ছাত্রদলের এক শতাধিক নেতাকর্মীসহ প্রাক্তন ও বহিরাগত প্রায় দেড় শতাধিক জনের সমাগম হয়। ওই দোয়া অনুষ্ঠানে জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তারকে উপস্থিত থাকতে দেখা যায়।
নির্বাচনের আচরণবিধির আচরণনিধির ৭ নং বিধির ক ধারায় নির্বাচনী সভা-সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধি-নিষেধ সম্পর্কে বলা আছে- (ক) ক্যাম্পাসে যে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। এবং (ঘ) ধারায় বহিরাগতদের সম্পর্কে বলা হয়েছে “বৈধ ভোটার ও প্রার্থী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য যে কেউ বহিরাগত হিসেবে বিবেচিত হবেন।
সে হিসেবে ধারা (ঘ) অনুসারে ‘জাতীয়তাবাদী প্রাক্তন শিক্ষার্থী ফোরাম’র সদস্যরাও বহিরাগত হিসেবে বিবেচিত হবেন।
আচরণবিধি লঙ্ঘন করে প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরূহী সাত্তার বলেন, “আমাদের তো অনুমতি লাগে না, তারা আমাদের অবহিত করেছিলেন।”
তিনি আরো বলেন, “ইস্যুটা মূলত রাজনৈতিক নয়, ধর্মীয় এবং মিলাদ সংক্রান্ত।”
কিন্তু নির্বাচনী আচরণবিধি ৭ (ক) অনুয়ায়ী ক্যাম্পাসে যেকোনো ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
এছাড়া গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং মটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

