
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অন্যান্য সংগঠনগুলো প্যানেল ঘোষণা করলেও অভ্যন্তরীণ কোন্দলে প্যানেল ঘোষণা করতে পারেনি শাখা ছাত্রদল। ভিপি পদে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় ছিলেন ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম, বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শেখ সাদী,দর্শন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রাসেল আকন্দ, ইংরেজী বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান। তবে অভ্যন্তরীণ কোন্দলে এবার মাহফুজুল ইসলাম মেঘ ভিপি পদে ছাত্রদলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গুঞ্জন উঠেছে। এদিকে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং চরম হতাশা বিরাজ করছে।
ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, জাকসুর শীর্ষ তিন পদ ভিপি, জিএস, এজিএস নিয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে কোন আলোচনা করা হয়নি। তাদেরকে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এবং কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বলেন তারেক রহমান নিজে এই পদ ঠিক করবেন। এজন্য এ বিষয়ে আমরা কারো সাথে আলোচনা করব না।
শাখা ছাত্রদলের সদস্য পদে রয়েছেন এমন একজন নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, যোগ্য নেতৃত্ব থাকার পরও এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেও দলের কাছে কাম্য নয়। এভাবে ভিপি ভাড়া করে আনার কোন প্রয়োজন ছিল বলে মনে হয় না। এটা বড় দল হিসেবে ছাত্রদলের জন্য চরম লজ্জার।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.