মো. হামিদ ইসলাম, গাজীপুর : কালিয়াকৈর-মাওনা স্বল্প দৈর্ঘ্যের সড়ক যোগাযোগে বেশ গুরুত্বপূর্ণ। গত দেড় মাসে গাজীপুরের কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে সংঘটিত হয়েছে অন্তত ৫০টি সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন শতাধিক যাত্রী ও চালক।
বিশেষজ্ঞরা বলছেন, সড়কটির ১৮টি বাঁক এতটাই বিপজ্জনক যে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে- বিশেষ করে রাতে ও ভোরবেলা। ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে অন্তত ১৮টি বিপজ্জনক বাঁক, যেগুলোর বেশির ভাগই শালবন ও ঝোপঝাড়ে ঘেরা। ফলে গতি কমানো এবং বিপরীতমুখী যান দেখতে পাওয়া কঠিন হয়ে পড়ে।
এসব বাঁকে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ বাঁকে কোনো কার্যকর সংকেত চিহ্ন নেই। যেটুকু সাংকেতিক চিহ্ন রয়েছে, তাও অস্পষ্ট এবং দূর থেকে দেখা যায় না।
স্থানীয় চালক মো. আজহার বলেন, “সামনে গাড়ি আছে কি না বোঝার আগেই মোড় শেষ, তখন আর কিছু করার থাকে না”।
স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে রাস্তা পার হই, বিশেষ করে সন্ধ্যার পর।”

