Site icon Daily Dhaka Press

আফগানিস্তানের ভূমিকম্প নিয়ে যা যা জানা গেলো

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এছাড়া, সর্বশেষ খবর অনুযায়ী, অন্তত দুই হাজার ৮০০ মানুষ আহত হয়েছেন। জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

ভূকম্পনের কারণ, প্রভাব, ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল-

রিখটার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদের কাছে। ভূকম্পনের রেশ ভারত-পাকিস্তানসহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশেও অনুভূত হয়।

ক্ষয়ক্ষতির পরিমাণ-

ভূমিকম্পে নানগরহার ও পার্শ্ববর্তী কুনার প্রদেশে ৮০০ জনের বেশি নিহত ও দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন। কুনারের তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কেবল কুনারেই ছয় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

পাকিস্তান সীমান্তবর্তী এই দুই প্রদেশের মধ্যে কুনার হিন্দুকুশ পর্বতমালায় অবস্থিত। আর নানগরহারের অবস্থান তার দক্ষিণে।

উদ্ধার তৎপরতার সর্বশেষ পরিস্থিতি-

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিশ্চিত করতে ‘সামগ্রিক ও সর্বাত্মক’ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান সরকার। এই উদ্যোগের অংশ হিসেবেই নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবহন ও খাদ্য সরবরাহসহ বিভিন্ন খাতে একাধিক দল মোতায়েন করা হয়েছে। এছাড়া, হতাহতদের স্থানান্তরে ৪০টির বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, চার শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য উড়িয়ে নেওয়া হয়েছে।

আফগানিস্তানে ভূমিকম্প কি নিয়মিত ঘটনা?

হ্যাঁ, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। চলতি বছরের শুধু এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত রিখটার স্কেলে পাঁচ মাত্রার বেশি অন্তত চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ২০২২ সালের জুনের পর রবিবারের ভূমিকম্পটি সবচেয়ে ভয়াবহ। প্রায় একই মাত্রার ওই ভূমিকম্পে হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

যে কারণে আফগানিস্তান বেশি ভূমিকম্প প্রবণ-

কোনও দেশ ভূমিকম্পের কতোটা ঝুঁকিতে থাকে, তা নির্ভর করে টেকটোনিক প্লেটের অবস্থানের ওপর। আফগানিস্তান দেশটির ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ভারতীয় প্লেট উত্তর দিকে চাপ প্রয়োগ করে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ওই অঞ্চলে, বিশেষত হিন্দুকুশ এলাকায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

Exit mobile version