Site icon Daily Dhaka Press

গাঁজা সেবনকালে জাবিতে তিন শিক্ষার্থী আটক

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে গাঁজা সেবনকালে তিন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। আটককৃতদের মধ্যে দুইজন জাবির এবং একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)’র শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় প্রক্টরিয়াল টিমের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীরা হলেন-জাবির ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আবিদ এম নাফিদ ও নুসরাত জাহান বিনতু এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহেরুন নেসা।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়। এ সময় সুইমিংপুল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রক্টর অফিসে নিয়ে আসার পর আটক শিক্ষার্থীরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। তারা জানান, তাদের এক বান্ধবী ঘুরতে এসেছিল এবং পরে তারা একসঙ্গে মাদক সেবনে অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুইমিংপুল এলাকায় অভিযান চালাই। সেখানে আমরা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করি। প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে পকেট থেকে গাঁজা উদ্ধার করি। তাদের তিনজনের কাছেই মুচলেকা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Exit mobile version