
নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে দেশটির রাজধানী কাঠমন্ডুতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই হাজারো বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারির পর সেনাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপাল সরকারের ২৬টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই বিক্ষোভ শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের মতো বহুল ব্যবহৃত অ্যাপ। এই পদক্ষেপ জনসাধারণের ক্ষোভের জন্ম দিয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে, যারা সরকারকে গভীর দুর্নীতি মোকাবিলায় ব্যর্থ হয়ে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার অভিযোগ তুলেছে।
সোমবার শান্তিপূর্ণ মিছিলের শুরুতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে দেশটির সংসদে প্রবেশের চেষ্টা করে। এসময় বিক্ষোভকারীরা গাছের ডাল ও পানির বোতল ছুড়ে মারে এবং সরকার বিরোধী স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে পাল্টা জবাব দেয়, যার ফলে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে।
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কারফিউয়ের পরিধি বাড়িয়েছে কাঠমান্ডু জেলা প্রশাসন।
প্রথমে বানেশ্বরের কিছু এলাকায় সীমিতভাবে কারফিউ জারি করা হলেও বিক্ষোভকারীরা চলাচল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করলে এই কারফিউ সম্প্রসারণ করা হয়। এখন প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাস এলাকা, মহারাজগঞ্জ, লাইনচৌরে উপ-রাষ্ট্রপতির বাসভবন, সিংহ দরবারের চারদিক, প্রধানমন্ত্রীর বাসভবন বালুওয়াটার এবং আশপাশের সংবেদনশীল অঞ্চলেও কারফিউয়ের আওতায় এসেছে।
প্রধান জেলা কর্মকর্তা ছাবিলাল রিজাল স্থানীয় প্রশাসন আইনের ধারা ৬ এর অধীনে কারফিউ আদেশ জারি করেছেন এবং এটি দুপুর ১২:৩০ টা থেকে রাত ১০:০০ টা (স্থানীয় সময়) পর্যন্ত কার্যকর থাকবে। এই অঞ্চলগুলির মধ্যে জনসাধারণের চলাচল, জমায়েত, বিক্ষোভ বা ঘেরাও কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে নেপালে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে সাত দিনের মধ্যে নিবন্ধন করতে হবে, যোগাযোগের জন্য প্রতিনিধি রাখতে হবে এবং অভিযোগ ও নিয়ম মানা বিষয়ক কর্মকর্তাও নিয়োগ দিতে হবে। এর জন্য ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ সামাজিক যোগাযোগমাধ্যম সরকারের এই নির্দেশ মানেনি। ফলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর গত ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপসহ ২৬টি সামাজিক যোগাযোগমধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা করার্যকর হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.