জাবি প্রতিনিধি: আসন্ন এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬-এর বাছাই পর্বের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান কিরণ। দলের হয়ে খেলতে মালোশিয়ায় অবস্থান করছেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে তিন ধাপে অনুষ্ঠিত জাতীয় বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সারাদেশ থেকে আসা ৬৩০ জনের বেশি খেলোয়াড়ের মধ্য থেকে ১৪ জনের চূড়ান্ত দল গঠন করা হয়।
বাংলাদেশ এবারই প্রথম এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়, ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। গ্রুপ ‘জি’-তে বাংলাদেশের সঙ্গী হয়ে খেলবে ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
দলে জায়গা করে নেয়ার বিষয়ে অনুভূতি জানিয়ে কিরণ বলেন, বাংলাদেশ ফুটসাল দল খুবই নতুন একটা দল, যার ফলে দেশের মানুষের কাছে পরিচিত কম। আর সব থেকে বড় কথা আমরা একটা নতুনত্ব আনতেছি যেনো পরবর্তী প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠে। আমাদের এই কাজটা অনেক কঠিন, তবে আমরা এই কঠিন পথ পাড়ি দিতে চাই।
আর এই ইতিহাসের অংশ হতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশ বাসীর কাছে দোয়া চাই।
উল্ল্যখ্য, মাহমুদুল হাসান কিরণ কিরণ ২০১৭ সালের SAFF অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২৩ সালে তিনি ২০২৪ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রতিনিধিত্ব করেছিলেন । বর্তমানে তিনি রহমতগঞ্জ এমএফএস-এর হয়ে রাইট ব্যাক হিসেবে খেলেন।

