Site icon Daily Dhaka Press

জাকসু নির্বাচনকে ‘সুষ্ঠু’ বললেন মনিটরিং সেলের বিএনপিপন্থী শিক্ষক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মুহাম্মদ রায়হান শরীফ জাকসু নির্বাচন মনিটরিং সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।

শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জাকসু ঘিরে শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি-অধিকারবোধের প্রতি আমারও একই আবেগ এবং সে কারণে দায়িত্ববোধ কাজ করে। এই দায়িত্ববোধের তাড়নায় নির্বাচন মনিটরিং সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের আহবানে সাড়া দিয়েছি এবং নির্বাচনকে নিয়মমাফিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, “আমার অভিজ্ঞতায় আমি যতটুকু প্রত্যক্ষ করেছি, নির্বাচনের দিন এবং ভোট গ্রহণ নিয়মমাফিক করার জন্য যতটুকু চেষ্টা করেছি, তার ভিত্তিতেই বলছি নির্বাচন সুষ্ঠু হতে দেখেছি; এখনও তাই বলছি। তবে নির্বাচন নিয়ে অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতেই পারে। কেউ কোন অভিযোগ করলে সেই অভিযোগের বস্তুনিষ্ঠতা তদন্ত সাপেক্ষে যাচাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের।”

অভিযোগের বিষয়ে তিনি লিখেন, “অভিযোগ করলেই সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠা পায় না; আবার অভিযোগ আমলে না নিয়ে সেটার সুরাহা না করাটাও সমীচীন নয় বলে মনে করি।”

ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি তাঁর পোস্টটি শেষ করেন এবং নির্বাচন কমিশনের প্রতি অভিযোগসমূহ যাচাই-বাছাইয়ের আহ্বান জানান।

Exit mobile version