বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ ও মার্কেটিং বিভাগের উদ্যোগে স্কাউটিং কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে গতকাল শনিবার বিকালে জাতীয় সদর দফতরের “শামস হলে” “সংবাদ সম্মেলন” অনুষ্ঠিত হয়।
১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউন্সি দ্বীপে ২০ জন বালককে নিয়ে প্রথম পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী প্রসার লাভ করে। এরই ধারাবাহিকতায় ১৯১৪ সালে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে স্কাউট দল গঠনের মাধ্যমে এদেশে স্কাউট আন্দোলনের সূচনা হয়।

১৯৭২ সালের ১১ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে স্কাউট আন্দোলন সরকারী স্বীকৃতি লাভ করে। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে জনাব সলিমুল্লাহ ফাহামি’র নেতৃত্বে পূর্ব পাকিস্তান বয় স্কাউট সমিতি গঠিত হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭২ সালের ৮ ও ৯ এপ্রিল ৬৭/ক, পুরানা পল্টন (বর্তমানে বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিকের সিড়ি) ঢাকায় অবস্থিত স্কাউট সদর দফতরে অনুষ্ঠিত কাউন্সিল সভায় বাংলাদেশ বয় স্কাউট সমিতি নামে ৫৬,১২৬ জন স্কাউট নিয়ে বাংলাদেশে স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়।
১৯৭৫ সালে এই সংগঠনের নাম বাংলাদেশ বয় স্কাউট সমিতি থেকে পরিবর্তন করে বাংলাদেশ স্কাউট সমিতি এবং ১৯৭৮ সালে বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। বর্তমানে এই সংগঠনটি বাংলাদেশ স্কাউটস নামে দেশব্যাপী স্কাউটিং কার্যক্রম পরিচালনা করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি চীফ স্কাউট হিসেবে দেশের স্কাউট আন্দোলনের বিকাশ ও উৎকর্ষ সাধনে সকল প্রেরণার উৎস। দেশের বিশিষ্ট, অভিজ্ঞ, চৌকষ ও আত্ম নিবেদিত স্কাউট নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি জাতীয় কমিটির মাধ্যমে এদেশে স্কাউট আন্দোলন পরিচালিত হচ্ছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে দেশব্যাপী সংগঠিত গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়, তারই ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট এর নির্দেশক্রমে বাংলাদেশ স্কাউটস এর সংস্কার প্রক্রিয়া পরিচালনার জন্য বিগত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে ১১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠিত হয়। বর্তমান এডহক কমিটি কী কী গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অতীতে বাংলাদেশের স্কাউটিং কেমন ছিল এবং বর্তমানে কেমন চলছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
আলোচনার উল্লেখযোগ বিষয়গুলো ছিল: দেশের সকল উপজেলা, জেলা ও অঞ্চলের কমিটি গঠন, বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ বার্ষিক কাউন্সিল সভা আয়োজন, শাপলা কাব অ্যাওয়ার্ড , প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২০ সালের পর থেকে হালনাগাতকরণ, নতুন লিডার তৈরির জন্য অসংখ্য প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন, প্রশাসনিক উন্নয়ন সাধন, সপ্তম জাতীয় কমডেকা বাস্তবায়ন, হজ্ব ক্যাম্পে সহায়তা, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় সাহায়তা, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের ভাবমূর্তি সংরক্ষণ ও উন্নয়ন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্য ১০ (দশ) কোটি টাকা বাংলাদেশ স্কাউটস এর অনুকূলে পৃথক কোডে অন্তর্ভুক্তকরণ, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পাদন, আইসিটি জাম্বুরী বাস্তবায়ন, ফ্রিল্যান্সি কোর্স বাস্তবায়ন, জনসংযোগ, ব্র্যান্ডংি ও মাকেটিং কাজে অধিকতর উন্নয়ন, নিয়মিত অগ্রদূত পত্রিকা প্রকাশ, বিটিভিতে অগ্রদূত অনুষ্ঠান প্রচার, জোটাজোটি বাস্তবায়ন, মেধাবী স্কাউট সম্মাননা প্রদান, মেম্বারশীপ রেজিস্ট্রেশন কার্যক্রম উন্নতকরণ, গার্ল-ইন-স্কাউট সংখ্যা বৃদ্ধি করা, ফাউন্ডেশন সদস্য সংখ্যা বৃদ্ধি অন্যতম। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণকে তথ্যপত্র সরবরাহ করা হয় এবং সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। আহবায়ক কমিটির মেয়াদ শেষে কাউন্সিলের প্রস্তুতি কতটুকু, সংস্কার নিয়ে যতটা সময় নেওয়া হচ্ছে, তাহলে কি বিগত বছরগুলোতে বাংলাদেশ স্কাউটস দুর্নীতিগ্রস্ত ছিল,যদি হয়ে থাকে তাহলে আইনী ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ স্কাউটস অ্যাডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিব জানান, পূর্বে যারা বাংলাদেশ স্কাউটস পরিচালনা করেছেন তাদের দুর্নীতি ছিল কিনা এখনই বলতে পারছিনা তবে আমরা ২০০৯ সাল থেকে ফাইল দেখা শুরু করেছি যা এখনো শেষ হয়নি শেষ করলে আমরা বলতে পারব বিষয়টা কতটুকু দুর্নীতি বা ভালো ছিল। যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমরা আইনী পদক্ষেপ নিব। এছাড়া কাউন্সিল করার ব্যাপারে যতটুকু আপডেট দেয়া তা আমরা প্রতি মুহূর্তে বঙ্গভবনে জানাই। আমরা কাউন্সিল করার জন্য প্রস্তুত বঙ্গভবন থেকে যেদিন নির্দেশ দিবে আমরা সেদিন কাউন্সিল করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির আহবায়ক এবং সিনিয়র সচিব, সড়ক ও মহাসড়ক বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব মো: এহছানুল হক, জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সদস্য সচিব, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সদস্য, পাবলিক সার্ভিস কমিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, জনাব মোঃ আসিফ-উল-হক, সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, জনাব মাহেনুর জাহান, সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, জনাব মুঃ তৌহিদুল ইসলাম, সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস এবং আহবায়ক, জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক উপ কমিটি এবং জনাব মোঃ শামসুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস সহ অন্যান্য প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভবৃন্দ, ইউনিট লিডার, স্কাউটবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।