Site icon Daily Dhaka Press

শেষ হয়েছে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ, ফলাফল জানা যাবে যখন

দীর্ঘ প্রতীক্ষা ও নানা নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে আজই নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে। সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশ করা হবে। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে মোট ১৯১ জন ভোটার থাকলেও আগেই ৪৮টি ক্লাব ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। সরাসরি ভোট দিচ্ছেন ৯৮ জন কাউন্সিলর। এরই মধ্যে ৫৮ জন ই-ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণ শুরুর পর নিজেও ভোট দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভোট দিয়ে তিনি বলেন, ‘আগে কখনো নির্বাচন করিনি, সব কিছুই নতুন লাগছে। নানা জায়গা থেকে লোকজন এসেছে, ক্লাব ও অংশীদারদের অংশগ্রহণে রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে।’

এছাড়া, সাবেক সভাপতি ফারুক আহমেদ নিজের প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করে বলেন, ‘ফিরে এসে ভালো লাগছে। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো, আশা করছি সুষ্ঠু নির্বাচন হবে। আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী।’

Exit mobile version