Site icon Daily Dhaka Press

বগুড়ার আলোচিত সেই বিড়াল হত্যাকারীকে আটক করলো পুলিশ

বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলায় একটি বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত বুলবুলি বেগম (২৬) আদমদিঘী উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গত বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছিল— বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালটির গলা কেটে হত্যার পর ফেলে রাখার ভিডিও ছড়িয়ে পড়লে অনেকে ক্ষোভ, ঘৃণা ও শাস্তির দাবি জানিয়েছিলেন।

কয়েকদিন আগে একজন মহিলা একটি বিড়ালকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। বগুড়ার আদমদিঘী উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে বিড়ালের প্রতি এমন নির্মমতার প্রতিবাদে সরব হয় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গঠিত,— বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুনির্দিষ্ট আইনি অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার সেই বিড়াল হত্যাকারী মহিলাকে আটক করেছে পুলিশ।

হত্যাকারী ওই মহিলাকে আটকের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই অসংখ্য মানুষ অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা প্রদর্শনকারীদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে বাধ্য করবে; প্রাণিপ্রেমী মানুষেরা এমন আশা ব্যক্ত করে চলেছেন।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’— এই চেতনা ধারণ করে দেশের সকল মানুষকে প্রাণ-প্রকৃতি রক্ষায় সচেষ্ট হওয়ার মাধ্যমে আগামীর জন্য নিরাপদ এক পরিবেশ গড়ে তুলতে আহবান জানিয়েছেন। তিনি আশা করেন, প্রাণীর প্রতি নির্মম আচরণ করা অপরাধীদের আইনের আওতায় কঠোর শাস্তি প্রদান করা হবে।

প্রসঙ্গত, দেশের প্রচলিত আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা এতে সহায়তার দায়ে ২ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে।

এই আইনের তেমন একটা ব্যবহার দেখা যায় না। এমনকি এই আইনে দায়ের হওয়া মামলাও খুব একটা নেই। তবে আদমদীঘির এই নৃশংস ঘটনার অভিযোগে বুলবুলি বেগম আটক হলেন।

Exit mobile version