Site icon Daily Dhaka Press

দায়িত্বে অবহেলার অভিযোগে জাবির নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে রেজিস্ট্রার অফিসের নিরাপত্তা শাখার গার্ড মো. এরশাদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, যথাসময়ে ডিউটি পয়েন্টে না থাকা, ঊর্ধ্বতনকে না জানিয়ে ডিউটিতে অনুপস্থিত থাকা, মৌখিকভাবে একাধিকবার সতর্ক করার পরও তার আচরণের পরিবর্তন না হওয়া এবং গত ১১-১১-২০২৫ তারিখে একটি বহিরাগত প্রাইভেট কার দ্বারা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার (স্টিকার যথাযথভাবে যাচাই না করে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট দিয়ে বহিরাগত গাড়ি বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে ওই প্রাইভেট কারের সাথে রিকশার দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দু’জন সাবেক শিক্ষার্থী আহত হয় এবং রিকশা ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন। বিষয়টি সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তীতে সনাক্ত করা হয়)। এসব অভিযোগের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০। (ক) (২) ধারা অনুযায়ী চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি জীবিকানির্বাহ (সাবসিস্টেন্স) ভাতা হিসেবে সর্বশেষ মূল বেতনের অর্ধেক ও তদর্থক সাহায্যসহ অ্যাডহক রিলিফ (যদি থাকে) ও অন্যান্য সকল ভাতার সম্পূর্ণ পাবেন।

তদন্ত কমিটি গঠন:গার্ড মোঃ এরশাদ আলম ও মোঃ তানভীর এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আবু সাঈফ মোঃ মুনতাকিমুল বারী চৌধুরীকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর অসীম চন্দ্র রায় ও প্রক্টর অফিস ডেপুটি রেজিস্ট্রার মোঃ সোহেল রানা। আজ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে, গার্ড মোঃ এরশাদ আলম যথাসময়ে ডিউটি পয়েন্টে না থাকা, উর্ধ্বতনকে না জানিয়ে ডিউটিতে অনুপস্থিত থাকা, ডিউটি পয়েন্টে দেরীতে আসা, ডিউটি পয়েন্টে ঘুমানো ও গত ১১-১১-২০২৫ তারিখ যথাসময়ে ডিউটি পয়েন্টে না থাকা এবং নিরাপত্তা শাখার অপর একজন গার্ড মোঃ তানভীর ১১-১১-২০২৫ তারিখ রাত্রে পরবর্তী গার্ড আসার পূর্বেই কন্ট্রোল রুমকে না জানিয়ে ডিউটি পয়েন্ট ত্যাগ করার অভিযোগ তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য
বলা হয়েছে।

Exit mobile version