ইন্জিনিয়ার বাকের সরকার বাবর কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিকভাবে ২০২৫ সালে শতভাগ অর্জন করায় ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা’ ও ‘শ্রেষ্ঠ পৌর প্রশাসক’ পুরস্কারে ভূষিত হয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছামিউল ইসলাম।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫ ইং) জেলা প্রশাসন আয়োজিত জেলা মাসিক সমন্বয় সভায় তাকে এ সম্মাননা স্মারক প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে নিশ্চিত করেছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, জেলা ডিডিএলজি, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ জেলার বিভিন্ন দফতরের সব কর্মকর্তাগন।
এসময় জেলা প্রশাসক মহোদয় জানান, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা নভেম্বরে চট্টগ্রাম বিভাগে ১ম স্থান অর্জন করেছে। এ অর্জনে ভূমিকা রাখায় তিনি ডিডিএলজি, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কসবা উপজেলার এ সাফল্য জেলা পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

