ইবি প্রতিনিধি: আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম সাগর আহমেদ, সে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সাগর আওয়ামী মতাদর্শের রাজনীতির সাথে জড়িত ছিলো। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও পতিত সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং নির্বাচন বর্জনের ঘোষণার সাথে #NoBoatNoVote হ্যাশট্যাগ দিয়ে তাকে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। এসবের প্রেক্ষিতেই আজকে পরীক্ষা দিতে আসলে তাকে আটক করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার সাথে সাথেই আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত শিক্ষার্থীকে নিয়মানুযায়ী ইবি থানায় সোপর্দ করি। পুলিশ প্রশাসন পরবর্তীতে আইন অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নিবে।
জানতে চাইলে ইবি থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। ছেলেটা এখনো আমাদের হেফাজতেই রয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অন্যান্য প্রক্রিয়া চলছে, তার বিরুদ্ধে নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

