বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় সন্দেহ ছিলোনা। মহানবীর সেই ন্যায়পরায়ণতার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। মহানবীর ‘ন্যায়পরায়ণতা’র আদর্শে উজ্জীবিত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম- খতিব-মুয়াজ্জিন আলেম ওলামা পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়।
রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে ইমাম-মুয়াজ্জিনদেরকে ‘সম্মানী ভাতা’ দেয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। একইসঙ্গে ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’কে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করা হবে।
এখানে তারেক রহমানের পুরো বক্তব্য তুলে ধরা হলো:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের এই সম্মেলনটি আরো আট দশটি সাধারণ রাজনৈতিক সম্মেলন কিংবা সমাবেশের মতো নয়। আজকের এই সম্মেলনে রাষ্ট্র এবং সমাজের এমন মানুষেরা উপস্থিত হয়েছেন কিংবা আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি আমাদের প্রতিটি বিশ্বাসী মুসলমানের একটাই চাওয়া একটাই আকাঙ্ক্ষা একটাই প্রার্থনা।
রাব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আ-খিরাতি হাসানাতান ওয়া কিনা আজাবান-নার। হে প্রভু, আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দাও এবং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।
তারেক রহমান বলেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের চেয়ে ইসলাম সম্পর্কে আপনারা অবশ্যই সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান রাখেন। একজন বিশ্বাসী মুসলমান এবং রাজনৈতিক কর্মী হিসেবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মৌলিক জ্ঞান সেই জায়গা থেকে বলতে পারি তাওহীদ-রিসালাত-আখিরাত এই তিনটি বিষয়ে নিঃশর্ত বিশ্বাস স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয়। আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা-নামাজ-রোজা-হজ্ব-জাকাত ইসলামের এই পাঁচটি মৌলনীতি অবশ্যই পালনীয়। এর কোনো বিকল্প নেই। আমরা দেখতে পাই ইসলামের এই পাঁচটি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে কোনো বিরোধ নেই বরং চূড়ান্ত ঐক্য রয়েছে। তবে, ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তবায়নের প্রক্রিয়া-পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ কিংবা ভিন্নমত দৃশ্যমান।

