Site icon Daily Dhaka Press

ভোটার নিবন্ধনের অঞ্চলভিত্তিক সময়সীমা তুলে নিল ইসি

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘোষণার ফলে এখন থেকে প্রবাসীরা বিশ্বের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, পূর্বনির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচদিন করে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে, আজ রাত ১২টার পর (অর্থাৎ ২৭ তারিখ) থেকে সেই অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচদিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাদের সুবিধামত সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

Exit mobile version