প্রথম টি-টোয়েন্টিতে সফররত আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। মাত্র ১৮ রানে তারা হারিয়েছে প্রথমসারির চার ব্যাটারকে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এদিন টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।
আগে ব্যাট করার সুযোগ পেয়ে ভালো সূচনা করে আয়ারল্যান্ড। তাদের উদ্বোধনী জুটি দলীয় অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টর মাত্র ৪ ওভারে ৪০ রাত তুলে ফেলে। সে সময়ই আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ভয়ংকর হয়ে ওঠা স্টার্লিংকে ব্যক্তিগত ২১ রানে ফিরিয়ে দেন তিনি।
এরপরও স্বাচ্ছন্দেই ব্যাট চালাতে থাকেন আয়ারল্যান্ডের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার থেকে তারা ১৮১ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮২।
দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন হ্যারি টেক্টর। ৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। যার মধ্যে পাঁচটিই বিশাল ছক্কার মার। অন্যদিকে চার মেরেছেন মাত্র একটি।
এছাড়া আয়ারল্যান্ডের পক্ষে ব্যাট হাতে ওপেনার টিম টেক্টর ৩২, লরকান টাকার ১৮, কার্টিস ক্যাম্ফার ২৪ এবং জর্জ ডাকরেল অপরাজিত ১২ রান করেছেন।

