Site icon Daily Dhaka Press

প্রবাসী ভোটার নিবন্ধন ৯২ হাজার ছাড়ালো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রবিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ৯২,১৪৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধনকারীদের মধ্যে ৭৭,৩৪৬ জন পুরুষ এবং ১৪,৭৯৯ জন নারী ভোটার রয়েছেন। এবারই প্রথমবার আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট প্রয়োগ করা হচ্ছে।

এই ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। এজন্য অবশ্যই অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে এবং চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

নিবন্ধন প্রক্রিয়া চলছে বিভিন্ন দেশে, যেমন— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোট দেওয়ার পর ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। এ উদ্যোগে ৫০ লাখ প্রবাসী ভোটার অংশগ্রহণের লক্ষ্য রাখা হয়েছে।

Exit mobile version