আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মৎস্য ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে দেশব্যাপী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান- ডা. এম. মোক্তার হোসেন, সংস্থার প্রতিষ্ঠাতা- মোঃ সালাহউদ্দিন, মহাসচিব- হারুন অর রশিদ, ফিরোজ আলম সুমন – জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ আজীবন সদস্য, বিভিন্ন থানা ও জেলা কমিটির নেতা-কর্মীরা। বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা না গেলে উন্নয়ন কখনই টেকসই হবে না।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং সাধারণ মানুষের অভিযোগ প্রদানের পথ সহজ করতে হবে। তারা সব নাগরিককে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
র্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে সচেতনতা মূলক ব্যানার-ফেস্টুন প্রদর্শন করতে করতে মৎস্য ভবন ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।