সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজ-এ সন্ত্রাসী হামলায় নিহত ও আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম-পরিচয় জানিয়েছে সেনাবাহিনী। হামলায় ৬ শান্তিরক্ষী নিহত হন এবং ৮ জন আহত হন বলে গতকাল জানানো হয়েছিল। আহতদের মধ্যে একজনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহতদের পরিচয় জানানো হয়।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক বেলা ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। এতে দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন।

