
জাবি প্রতিনিধি : গভীর রাতে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটপাত, বাসস্ট্যান্ড ও খোলা জায়গায় বসবাসরত ছিন্নমূল মানুষের হাতে কম্বল ও উষ্ণ পোশাক তুলে দেন তারা। এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য মোঃ জাহিদ হাসান বলেন, দেশের ছিন্নমূল মানুষেরা এ সময় মানবেতর জীবনযাপন করেন। তারা রাস্তায়, ফুটপাতে রাত্রিযাপন করেন। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সবাই যেন শান্তিতে তাদের প্রাপ্য অধিকার নিয়ে থাকতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের কল্যাণে কাজ করে এবং আগামীতেও আমাদের এই কল্যাণমুখী কাজ চলমান থাকবে।
শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো: হোসাইন আল রাশেদ বাদল বলেন, শীত মৌসুমে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মুহিবুল্লাহ মুহিব, মুস্তাইন বিল্লাহ, দেওয়ান আলাউদ্দিন এবং আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম, হাবীবুর রহমান, শামসুজ্জামান সায়েম, নাঈম খন্দকার,সাজ্জাদুল ইসলাম, তানিম হাসান, পারভেজ মোশাররফ, আল রাফি আহমেদ রাজু সহ প্রমুখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.