Site icon Daily Dhaka Press

লাঞ্চের পর অফিসের আসেন না জাবি শারীরিক শিক্ষা অফিসের কর্মকর্তা

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দাপ্তরিক বিধি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার কথা। তবে এ নিয়ম নিয়মিতভাবে মানা হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসে। অভিযোগ রয়েছে, অফিসটির ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন দাপ্তরিক সময় মেনে দায়িত্ব পালন করছেন না।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের একাধিক সূত্র জানায়, বেগম নাছরীন নিয়মিত অফিস কার্যক্রমে অংশ নেন না। প্রায়শই লাঞ্চের পর আর অফিসে ফেরেন না এবং ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। ফলে দাপ্তরিক সেবা নিতে আসা ব্যক্তিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত পাঁচ কর্মদিবসের মধ্যে অন্তত দুই দিন লাঞ্চের পর তাকে অফিসে পাওয়া যায়নি। গত বুধবার লাঞ্চের পর দুপুর আনুমানিক আড়াইটার দিকে শারীরিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, তিনি উপস্থিত নেই। এ সময় তার কার্যালয়ের সামনে একাধিক ব্যক্তিকে অপেক্ষা করতে দেখা যায়।

একপর্যায়ে তার অবস্থান জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে জানান, তিনি আসছেন এবং কিছুটা সময় লাগবে। পরে বিকাল পোনে চারটার দিকে পুনরায় ফোন করা হলে জানান, তিনি রাস্তায় আছেন। অফিসে পৌঁছাতে কত সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, অফিস সময় শেষ হয়ে গেছে এবং পরদিন আসতে বলেন। তখনও শারীরিক শিক্ষা অফিসের সামনে চারজনকে তার জন্য অপেক্ষা করতে দেখা যায়।

পরদিন বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আবারও শারীরিক শিক্ষা অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান, তিনি ব্যস্ত আছেন এবং অফিসের কোনো কাজ থাকলে কর্মচারীদের সঙ্গে কথা বলে তা সম্পন্ন করতে বলেন। পরে আবার কল দিলে তিনি দেখা করতে পারবেন না এবং ওই দিন আর অফিসে আসবেন না বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

তবে লাঞ্চের পর অফিসে না আসার বিষয়টি অস্বীকার করে বেগম নাছরীন বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিয়মিত অফিসে আসি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক সময় সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারিত। নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অফিস ত্যাগ করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময় পর্যন্ত অফিস করতে হবে। কারও বিরুদ্ধে নির্ধারিত সময় অফিস না করার অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version