তৌফিক অপু: বেলা দুইটায় শহীদ শরিফ ওসমান হাদি’র জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার আগেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও রাস্তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অশ্রুসিক্ত নয়নে হাদিকে বিদায় জানানোর জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ। লাল সবুজে মোড়ানো কফিনটি দক্ষিণ প্লাজার মঞ্চে উঠানোর সঙ্গে সঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব মাইক হাতে বজ্র কন্ঠে ঘোষণা দেন হাদি’র রক্ত বৃথা যেতে দিব না।
জানাজা নামাজের আগে সকলের উদ্দেশ্যে ছোট বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস। তিনি বলেন “আমরা হাদিকে বিদায় দিতে আসিনি বরং আজীবন আমাদের হৃদয় থেকে যাবে হাদি”। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরপরই শরিফ ওসমান হাদি’র বড় ভাই আবু বকর সিদ্দিক দুটো কথা বলে তার জানাজা নামাজের ইমামতি করেন। জানাজা নামাজে এনসিপি, বিএনপি,জামাত ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মীর উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরপরই হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত করা হবে তাকে।

