
১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তাকে স্বাগত জানাতে একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশস্থল যেন ‘উৎসবের আমেজে’ পরিপূর্ণ হয়ে উঠেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ এবং সজ্জার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সংবর্ধনা মঞ্চের নির্মাণকাজ শেষ। ব্যানার, পতাকা, তোরণ আর আলোকসজ্জায় সাজানো সমাবেশস্থল। সকাল থেকেই কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শনে আসছেন। অনেকেই সমাবেশের আগের রাত থেকেই মাঠে অবস্থানের প্রস্তুতি নিয়ে এসেছেন।
এদিকে মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একাধিক টিম গাড়িতে করে দফায় দফায় পুরো সমাবেশ এলাকা পরিদর্শন করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির চৌদ্দশত ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মাহেন্দ্রক্ষণ। এত বছর দূরে রাখা হয়েছে, তবুও দেশের মানুষ তার ফেরার অপেক্ষা ছাড়েনি। ২৫ ডিসেম্বরকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলি না, এটা দেশের মানুষের আনন্দের দিন।
তিনি আরও বলেন, গ্রাম থেকে ঢাকায় আসা মানুষের চোখে-মুখে যে উচ্ছ্বাস, সেটা ভাষায় বলা কঠিন। এখানে এসে মনে হচ্ছে, আমরা নতুন করে আমাদের নেতা, আমাদের রাজনীতি আর আমাদের শক্তিকে বরণ করে নিচ্ছি।
তিনি বলেন, স্বৈরাচার পতনের পর তার আগমন নতুন অধ্যায়ের শুরু হয়েছে। আমরা ঈদের মতো আনন্দ নিয়েই এসেছি। ২৫ ডিসেম্বর শুধু বিএনপির দিন না, এটা সাধারণ মানুষের দিন। আমরা চাই, এই সমাবেশ হোক সুশৃঙ্খল। জনতার উপস্থিতিই প্রমাণ, নেতৃত্ব আর জনগণ একসঙ্গে আছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.