Site icon Daily Dhaka Press

আল-কুরআনভিত্তিক সমাজ গঠনের আহ্বান ইসলামী সমাজের

মানব রচিত ব্যবস্থা ও আলকুরআন বিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা বলে মন্তব্য করেছেন ‘ইসলামী সমাজ’-এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, এই সমস্যার সমাধান না হলে অন্য কোনো সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইসলামী সমাজ’-এর উদ্যোগে “দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের উপায়” শীর্ষক শান্তিপূর্ণ মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান বহাল রয়েছে। কোনো সরকারই আল-কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেনি কিংবা কুরআনের আইন-বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেনি। এর ফলেই দিন দিন দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।

সৈয়দ হুমায়ূন কবীর আরও বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে আলকুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন করে আলকুরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করলেই শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান সম্ভব। কর্মসূচি বাস্তবায়নে সরকার, প্রশাসন ও দেশবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

মানববন্ধনে তিনি ‘ইসলামী সমাজ’-এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুটি নতুন কর্মসূচি ঘোষণা করেন। আগামী শনিবার সকাল ১০টায় কুমিল্লা মহানগরে শান্তিপূর্ণ গণমিছিল, পথসভা ও লিফলেট বিতরণ। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ী বালুর মাঠে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।

উল্লেখ্য, ঢাকা মহানগর ইসলামী সমাজের দায়িত্বশীল মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা, মো. আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল, মো. নুরুদ্দিন, সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version