Site icon Daily Dhaka Press

নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক, নিজের অভিযোগেই অভিযুক্ত ইবির সাবেক সহ-সমন্বয়ক 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে ইতিপূর্বে বিভিন্ন সময় ডাকা আন্দোলনের দিনক্ষণ শিক্ষক নিয়োগ বোর্ডের সাথে মিলে যাওয়ায় তাকে ‘বিশেষ আশা’র আন্দোলন হিসেবে আখ্যায়িত করে এবার নিজেই শিক্ষক নিয়োগ বোর্ডের দিন একই ইস্যুতে আন্দোলনের ডাক দিয়েছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল।

গত শুক্রবার বাদ জুম্মা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে প্রশাসন ভবন ঘেরাওয়ের ডাক দেন তিনি। তবে, একইদিনে পূর্বে স্থগিত হওয়া ফার্মেসী বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে, গত জানুয়ারি দেওয়া এক ফেসবুক পোস্টে সাজিদ হত্যার বিচার দাবিতে করা আন্দোলন নিয়ে তীর্যক মন্তব্য করেন তিনি। সেখানে তিনি লেখেন, ❝সাজিদ আব্দুল্লাহকে আপনারা আর ট্রাম্পকার্ড বানায়েন না। কেনো ট্রাম্পকার্ড বললাম?? তার কারণ সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবীতে বেশ কয়েকটা আন্দোলন হয়েছে বিশেষ বিশেষ কিছু দিনে। এই ধরেন নিয়োগ বোর্ডের আগের দিন বা বোর্ডের দিনই। বলি কি, সিন্ডিকেটের দিনে বা আগের দিন, নিয়োগ বোর্ডের দিনে বা আগের দিন বিশেষ আশায় এই ধরনের আন্দোলন করত স্বৈরশাসক হাসিনার পেটোয়া বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগ। এজন্য আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, এসব সিলসিলা ছেড়ে বিচার যদি চাইতেই হয় বিচার চাওয়ার মতো চান, বিশেষ দিনে নয়।❞

এছাড়াও, বিভিন্ন সময় আন্দোলনের ডাক দেওয়া বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিনের সাজিদ হত্যা নিয়ে দেওয়া এক পোস্টের মন্তব্যের ঘরে তানভীর মন্ডল লেখেন, ❝তাহলে নেক্সট আন্দোলন কি নিয়োগ বোর্ডের আগের দিন নাকি নিয়োগের দিন সকালে???❞ অন্যান্য সময়ের আন্দোলন নিয়ে এহেন মন্তব্যের পর নিজেই নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, আমি সব ছাত্র সংগঠনের মতামত নিয়ে সাজিদ হত্যার বিচারের আন্দোলনের ডাক দিলে বলা হয় এক পক্ষের ইন্ধনে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশাসনকে চাপে ফেলতে আন্দোলনের ডাক দেই। তাহলে আগামীকাল পূর্বঘোষিত ফার্মেসি বিভাগের নিয়োগ বোর্ড আর আগামীকাল ই আবার সেই ব্যক্তি ই আন্দোলনের ডাক দিলেন। ইনি ই বা তাহলে এবার কিসের আশায় আর কোন পক্ষের ইন্ধনে আন্দোলনের ডাক দিচ্ছেন?? আমি আন্দোলনের ডাক দিতাম সব ছাত্র সংগঠনের ঐক্যমত নিয়ে, ইনি কার মতামতে প্রশাসন ঘেরাওয়ের ডাক দিলেন? এই বিষয় টা স্পষ্ট করা দরকার।

এ বিষয়ে জানতে চাইলে ইবির সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল জানান, আমরা বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে আলোচনা করেছিলাম৷ তারাও এ ব্যাপারে যোগাযোগ করেছে আমাদের সাথে যেন এর একটা সুরাহা হয়। তবে আমরা হয়তো আন্দোলন টা দুই-একদিন পেছাতে পারি যাতে আমাদের আন্দোলন নিয়োগ বা এইধরনের কিছুর সাথে সম্পর্কিত না হয়। সন্ধ্যার পরপরই হয়তো এটার ব্যাপারে পোস্ট দিয়ে জানানো হবে।

Exit mobile version