Site icon Daily Dhaka Press

নির্বাচনকালীন সময়ে নিরাপত্তাজনিত কারণে জাবির শিক্ষা কার্যক্রম বন্ধের দাবি

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাবি, ৫ ফেব্রুয়ারি ২০২৫,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭–১৫ ফেব্রুয়ারি ২০২৬ সময়কালে সকল ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছে জাবির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার জাবি শাখা ছাত্রদল নেতা মেহেদী হাসান ইমনের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.কামরুল আহসান বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মরকলিপিতে দাবি করা হয়:আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে সরকারিভাবে ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এই সময়সীমার মধ্যে নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সূচি বহাল রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা প্রকাশিত হয়নি।

মাননীয় মহোদয় অবগত আছেন যে, জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এই সময়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ নির্বাচনী প্রচারণা, ভোটদান এবং পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত থাকে। পাশাপাশি নির্বাচনী পরিবেশে যাতায়াত সমস্যা, নিরাপত্তাজনিত ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান থাকে, যা শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণকে ব্যাহত করতে পারে।এমন পরিস্থিতিতে উক্ত সময়কালে ক্লাস ও পরীক্ষা চলমান থাকলে—শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে,নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে,পরীক্ষায় উপস্থিতি ও ফলাফলে বৈষম্য ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে।

সুতরাং সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা, নাগরিক দায়িত্ব পালনের সুযোগ এবং একাডেমিক ন্যায্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ জোর দাবি জানাচ্ছি।

Exit mobile version