ডিডিপি ডেস্ক : বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। গণনা চলছে, তবে তিনি বলছেন এটা তার ব্যবসার টাকা।
পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। নির্বাচনি আবহে এই বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা।

