Site icon Daily Dhaka Press

তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

ডিডিপি ডেস্ক : আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে গতকাল বুধবার বিকেলে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এ বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। অগ্রাধিকার তিনটি হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ২টায় আরেকটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই বৈঠকে পরিবেশ রক্ষায় পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের নদী, খাল ও অন্যান্য জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান।

Exit mobile version