Site icon Daily Dhaka Press

অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগ

Screenshot

ডিডিপি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি পেজের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রির নামে অগ্রিম অর্থ গ্রহণ করে পণ্য সরবরাহ না করা এবং নিম্নমানের পণ্য দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একাধিক ভুক্তভোগী গ্রাহক এমন অভিযোগ করেছেন।
ভুক্তভোগীদের দাবি, নির্ধারিত মূল্য অগ্রিম পরিশোধের পরও তারা তাদের অর্ডারকৃত পণ্য হাতে পাননি। কেউ কেউ পণ্য পেলেও তা ছিল নিম্নমানের ও বিজ্ঞাপনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্টের পর হঠাৎ করেই সংশ্লিষ্ট পেজ ও ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ হয়ে যায়। এতে অনেক গ্রাহক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে অভিযুক্ত প্রতিষ্ঠান এস্টার লাইফস্টাইল-এর সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের মালিক কথা বলতে অস্বীকৃতি জানান। তবে প্রতিষ্ঠানের এক ম্যানেজার বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যে অভিযোগ উঠেছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
আমাদের অনুসন্ধানী প্রতিবেদক বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপ ঘেঁটে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পোস্ট ও মন্তব্যের সন্ধান পেয়েছেন।
আরও অভিযোগ রয়েছে, মার্কেট রাত ১০টায় বন্ধ হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অনেক সময় রাত ১২টা থেকে ১টা পর্যন্ত খোলা রাখে। এছাড়া মালিকের বিরুদ্ধে আরও কিছু অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন কয়েকজন।
পরবর্তীতে একই প্রতিষ্ঠান নতুনভাবে বড় পরিসরে কার্যক্রম শুরু করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের ভাষ্য, এটি পরিকল্পিতভাবে অর্থ আত্মসাৎ করার কৌশল হতে পারে।
তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

Exit mobile version