ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাজপথের পরীক্ষিত সৈনিক ইউসুফ কামাল জনি।
এক লিখিত বক্তব্যে ইউসুফ কামাল জনি জানান, তার জন্ম, শৈশব ও রাজনৈতিক জীবন কেটেছে পুরান ঢাকার এই এলাকায়। তিনি গোল্ডেন ক্রিসেন্ট টিউটোরিয়ালস থেকে শিক্ষা জীবন শুরু করে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে পড়াশোনা করেছেন। পারিবারিকভাবে তিনি একজন রাজনৈতিক সচেতন পরিবারের সন্তান। তার বাবা মরহুম শামসুর রহমান ছিলেন দৈনিক দি বাংলাদেশ টাইমস পত্রিকার সিনিয়র সাব-এডিটর।

১৯৯৮ সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। শিক্ষা জীবনে তিনি ছাত্র বন্ধু সংগঠনের সভাপতি, ক্লাস কমিটির আহ্বায়ক এবং পরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাবেক এই ছাত্র নেতা জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন এবং নানা সময় জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, ৪১ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি এবং মানুষের সমস্যা আমার খুব কাছ থেকে জানা। এই ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে আপনাদের সেবা করতে চাই।