বিশ্বজুড়ে ডেস্ক : ইরান-ইসরাইল-যুক্তরাস্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ১৫ দফা শান্তি পরিকল্পনা হস্তান্তর করেছে বলে নাম প্রকাশ না করা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি কিছু সংবাদমাধ্যম। বিবিসি গ্লোবাল নিউজ পডকাস্ট উত্তর আমেরিকার সংবাদদাতা অ্যান্থনি জার্কারের সঙ্গে কথা বলেছে। তিনি চলতি সপ্তাহে প্রেসিডেন্টে ট্রাম্পের সঙ্গে টেনেসি সফরে গিয়েছিলেন। এ সময় তিনি ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত লক্ষ্য সম্পর্কে যা জানতে পেরেছেন তার বর্ণনা দিয়েছেন। প্রেসিডেন্ট সেসময় বলেছেন, তিনি অভিযানের মাত্রা ‘ধীরে ধীরে কমিয়ে আনছেন’।
কী কী দফা বা পয়েন্ট আছে সেই প্রস্তাবে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্প প্রশাসনের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেই প্রস্তাবের বিষয়বস্তুর সম্পর্কে আভাস নেওয়ার চেষ্টা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
কর্মকর্তারা দু’টি দফা সম্পর্কে আভাস দিয়েছেন নিউইয়র্ক টাইমস-কে; প্রথমটি হলো ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ এবং দ্বিতীয়টি হলো হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে পুনরায় এই বাণিজ্যপথে জাহাজের অবাধ চলাচল।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-ও চুক্তির বিষয়বস্তু সম্পর্কে আভাস নেওয়ার চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘণিষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, চুক্তির শর্ত অনুসারে ইরানেকে তাদের ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে এবং বর্তমানে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম আছে— তা হস্তান্তর করতে হবে।
জাতিসংঘের তথ্য অনুসারে, ইরানের কাছে অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ।
এছাড়া হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অবাধ করার ব্যাপারটিকে যে ট্রাম্পের প্রস্তাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারাও। তারা বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে, তাহলে তার পরিবর্তে দেশটির ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
তবে একই সঙ্গে তিনি হুমকি দিয়েছিলেন যে, তেহরান যদি হরমুজ প্রণালির অবরোধ না তুলে নেয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেওয়া হবে’। পরে তিনি ওই হামলা স্থগিত করেন এবং জানান যে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের খবর অস্বীকার করেছেন।

