নিজস্ব প্রতিবেদক : ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ। এছাড়া আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের ২০২৬ খ্রিস্টাব্দের ১১তম বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। বৈঠকে সংরক্ষিত নারী আসন ছাড়াও নির্বাচনী মামলা, ইভিএমের ভবিষ্যৎ এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১২ মে ভোটের তারিখ চূড়ান্ত করা হলেও মনোনয়নপত্র দাখিল ও অন্যান্য ধাপগুলোর বিস্তারিত সময়সূচি তফসিল ঘোষণার দিন জানানো হবে জানান ইসি সচিব। আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসন ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে ভাগ করা হয়। কোনো দল বা জোট কত আসন পেয়েছে তার অনুপাতে সংরক্ষিত নারী আসন নির্ধারণ হয়। এই হিসাবে বিএনপি পাবে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে ২টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসন পাবে। তবে ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবে না।
ইসি সচিব আরও জানান, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো স্থগিত রাখা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এই দুই আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই আসনের পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন জানিয়েছে, নির্বাচনের পরিবেশ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ভোটার বা সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং এই নির্বাচনকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

