আনন্দলোক ডেস্ক : উইলিয়াম শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' এর পর এবার রবীন্দ্রনাথের কালজয়ী কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’য় ঋতুরাজ বসন্ত চরিত্রে টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ নিশক তারেক আজিজ। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির পরপর দুইটি সফল মঞ্চায়ন হয়। প্রেমের দেবতা বসন্ত রূপে তার প্রবেশ, সংলাপ আর শারীরিক অভিব্যক্তি দর্শকের করতালি কুড়ায়। বাসন্তী রঙের কস্টিউম, গলায় রুদ্রাক্ষ ও কয়েক লেয়ারের পুঁথির মালা মুকুট আর চঞ্চল উপস্থিতি দিয়ে তিনি মঞ্চে সত্যিকারের বসন্ত নিয়ে আসেন।
দর্শক তাকে চেনে একজন ব্যস্ত গণমাধ্যম কর্মী ও টেলিভিশন নাটকের অভিনেতা হিসেবে। বড় পর্দায়ও দেখা গেছে একাধিকবার। কিন্তু মঞ্চের প্রতি টানটা তার পুরনো। সেই টানেই মঞ্চে ফিরলেন অভিনেতা নিশক। এবার তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’য় অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্র 'ঋতুরাজ বসন্ত' রূপে।
এ প্রসঙ্গে নিশক বলেন, “টিভি-সিনেমা আমাকে পরিচিতি দিয়েছে, গ্রাসাচ্ছাদন দিয়েছে। কিন্তু মঞ্চ আমাকে শিল্পী বানিয়েছে। মঞ্চের সাথে নাড়ির টান। তাই সময়-সুযোগ পেলে সারাজীবন মঞ্চে কাজ করতে চাই। চিত্রাঙ্গদা’র মতো ক্ল্যাসিক কাজের অফার তো আর ফেরানো যায় না।”
নাটকটির নির্দেশক নাট্যজন জাহিদ রিপন জানান, “বসন্ত চরিত্রের জন্য আমাদের এমন একজনকে দরকার ছিল যার ভেতরে একইসাথে চাঞ্চল্য আর গভীরতা আছে। নিশক এর অভিজ্ঞতা আর ডেডিকেশন দেখে আমি নিশ্চিত ছিলাম। রিহার্সাল থেকেই তার ইনপুট নাটকটাকে সমৃদ্ধ করেছে।”
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.