জাবি প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কলেজে ‘শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “৫ অগাস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা ক্যাম্পাসে সহিষ্ণু ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।”
তিনি বলেন, “চট্টগ্রাম সিটি কলেজে যে হামলার ঘটনা ঘটেছে, তা ন্যাক্কারজনক।”
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সহিংস রাজনীতি পরিহার করে স্বাভাবিক ধারায় না ফিরলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ক্যাম্পাস অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
চট্টগ্রাম সিটি কলেজে ‘গ্রাফিতি নষ্ট করায়’ শিবির-ছাত্রদল সংঘর্ষ
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি ‘নষ্ট করায়’ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জেরে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকালে কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কেউ কেউ বলেন, সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্র শিবির গ্রাফিতি আঁকে। সেটির নিচে লেখা হয়, ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। তবে কে বা কারা ‘ছাত্র-রাজনীতি’ থেকে ‘ছাত্র’ শব্দটি কালো কালি দিয়ে মুছে ওপরে ‘গুপ্ত’ লিখে তির চিহ্ন এঁকে দেন। এরপর সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা লেখালেখি করেন, যার জেরে সকালে ক্যাম্পাসে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
সকালের ঘটনার প্রতিবাদে বিকাল ৪টার দিকে নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্র শিবির। সেখান থেকে মিছিল নিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কলেজের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আতঙ্কে ওই এলাকায় যানবাহন চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা পরস্পরকে দায়ী করছেন।

