Site icon Daily Dhaka Press

স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি- আমরা চাই, চেষ্টা করবো, এক বছরের মধ্যে আগামী স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার জন্য।’

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী করতে পারলে রাষ্ট্র শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা তাদের সামনে এই কথাটাই বলার চেষ্টা করেছি।’

জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে তাদের কাজ করতে হবে। অর্থাৎ জনগণকে সঙ্গে নিয়েই ডিসিদের কাজ করতে হবে। কারণ জনগণই হচ্ছে এই দেশের মালিক।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকারের জায়গাটায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সেসব বিষয় মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করবো।

Exit mobile version