Site icon Daily Dhaka Press

ফিফার আপত্তিতে শেষ মুহূর্তে হাইতির জার্সি বদল

নিজস্ব প্রতিবেদক | ডেইলি ঢাকা প্রেস

দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি। সবকিছু ঠিকঠাক থাকলেও টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কড়া নিয়মের মুখে পড়ে বাধ্য হয়ে নিজেদের বিশ্বকাপ জার্সি পরিবর্তন করতে হচ্ছে দলটিকে।

বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক দুটি প্রীতি ম্যাচে হাইতির খেলোয়াড়রা যে জার্সি গায়ে জড়িয়েছিলেন, সেখানে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ের’ বা ফরাসি ঔপনিবেশিকদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল। জার্সির বুকে দেশের পতাকার পাশাপাশি সেই বীরত্বপূর্ণ লড়াইয়ের প্রতিচ্ছবি স্থান পেয়েছিল।

কিন্তু বিপত্তি বাধে ফিফার সরঞ্জাম নীতিমালায়। ফিফার নিয়ম অনুযায়ী, মাঠে পরিধেয় কোনো জার্সিতে রাজনৈতিক, ধর্মীয় কিংবা ব্যক্তিগত মতাদর্শের বার্তা বা স্লোগান বহন করা সম্পূর্ণ বেআইনি। এই নীতিমালার আলোকেই হাইতির জার্সির ওই নকশা নিয়ে আপত্তি তোলে ফিফা এবং তা দ্রুত পরিবর্তনের নির্দেশ দেয়।

হাইতির জার্সির মূল নকশাকারী কলম্বিয়ান স্পোর্টস ব্র্যান্ড ‘সায়েতা’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তাদের নকশার মূল উদ্দেশ্য ছিল হাইতির ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে যাওয়া অগণিত নারী-পুরুষকে সম্মান জানানো। তবে ফিফা মনে করেছে, এই নকশার দৃশ্যমান কিছু উপাদানকে নিয়মের আলোকে ভিন্ন রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করা যেতে পারে।

সায়েতা কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে, ফিফার এই ব্যাখ্যার সাথে তাদের মূল চিন্তাধারার কোনো মিল না থাকলেও, তারা আন্তর্জাতিক ফুটবল সংস্থার নির্দেশনার প্রতি পূর্ণ সম্মান দেখিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে জার্সিতে প্রয়োজনীয় সব পরিবর্তন সম্পন্ন করেছে।

 আগামী ১৪ জুন ম্যাসাচুসেটসের বোস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে হাইতি। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই শক্তিশালী প্রতিপক্ষ হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার অন্যতম পরাশক্তি মরক্কো।

উল্লেখ্য, ফুটবলের এই মহোৎসবে হাইতির এটি দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ১৯৭৪ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিল তারা। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরে এবং সর্বমোট ১৪টি গোল হজম করে হতাশাজনক বিদায় নিয়েছিল ক্যারিবীয় দলটি।

Exit mobile version