Site icon Daily Dhaka Press

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল: হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদনটি করেন।

জানা গেছে, বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শিগগিরই রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।

রিট আবেদনে শুধুমাত্র হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটিকেই চ্যালেঞ্জ করা হয়নি, বরং যে আইনের অধীনে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে—সেই ১৯৮২ সালের ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স’ এর আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

গত ২৭ মে ঈদের আগের দিন সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে মর্মান্তিকভাবে পরপর ছয় নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ উঠে আসে। প্রতিবেদনে জানানো হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশন না থাকায় বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই শিশুদের মৃত্যুর প্রধান কারণ।

কর্তৃপক্ষের দেওয়া ব্যাখায় সন্তুষ্ট না হয়ে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করে দেয়। তবে নিয়মানুযায়ী, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রাখা হয়েছিল।

Exit mobile version