
নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। চাঞ্চল্যকর এই খবরের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে তিনি মাত্র একটি শব্দ লিখেছেন—‘মজা’।
গতকাল রোববার (১৪ জুন) পরীমনির দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেন তিনি হঠাৎ এমন মন্তব্য করেছেন, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি এই ঢালিউড অভিনেত্রী। তবে সাধারণ মানুষের ধারণা, ২০২১ সালে আলোচিত বোট ক্লাব কাণ্ড এবং পরবর্তীতে পরীমনির জীবনে ঘটে যাওয়া আইনি হয়রানি ও ব্যক্তিগত চরম সংকটের পেছনে সেসময়ের প্রভাবশালীদের হাত ছিল। আর পুরোনো সেই ক্ষোভের জায়গা থেকেই হয়তো এমন তৃপ্তির প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার জেরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বেনজীর আহমেদ। ক্ষমতার চরম অপব্যবহার এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছিল দুদক।
দেশজুড়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ৪ মে ২০২৪ তারিখে অনেকটা চুপিসারেই দেশ ছাড়েন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। এরপর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক (ডিজি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।
রাজনৈতিক ও সামাজিক মহলে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর নিয়ে ব্যাপক আলোচনা চললেও, আপাতত নেট দুনিয়ায় পরীমনির ওই এক শব্দের স্ট্যাটাস ঘিরেই চলছে তুমুল চর্চা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.