
নিজস্ব প্রতিবেদক | ডেইলি ঢাকা প্রেস
লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের রাজকীয় সূচনা করেছে আর্জেন্টিনা, যার মূল কারিগর ফুটবল জাদুকর মেসি নিজেই। তার এই অনবদ্য হ্যাটট্রিকের পর শুধু গ্যালারির দর্শকরাই নন, আবেগে ভাসলেন খোদ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে পরম মমতায় শিষ্যকে বুকে জড়িয়ে ধরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই বিশ্বকাপজয়ী কোচ।
একইসঙ্গে তিনি অকপটে স্বীকার করেন, 'এলএমটেন' যেদিন বুটজোড়া তুলে রাখবেন, সেদিন বিশ্ব ফুটবলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হবে।
রেকর্ডবুক তছনছ করা মেসির এই হ্যাটট্রিকের পর ডাগআউটে যেন এক অন্যরকম স্কালোনিকে দেখল বিশ্ব। ম্যাচ শেষের অনুভূতি সাংবাদিকদের কাছে ব্যক্ত করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্কালোনি বলেন, “আমি সত্যি বলতে পুরোপুরি বাকরুদ্ধ। খেলা শেষ হওয়ার পর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরেছি, কপালে একটা চুমু দিয়েছি আর বলেছি—আমি ওকে কতটা ভালোবাসি! কারণ, এর বাইরে ওকে নতুন করে বলার মতো আর কোনো ভাষা আমার জানা নেই। মেসি শুধু গোলই করে না, সে মাঠে যা ছড়িয়ে দেয়, তা এক কথায় অবিশ্বাস্য।”
ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “যেদিন সে ফুটবলকে চিরতরে বিদায় জানাবে, সেদিন আমরা সবাই তাকে ভীষণভাবে মিস করব। তাই এখন আমাদের একটাই কাজ—শুধু তার খেলা প্রাণভরে উপভোগ করা।”
এই ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন মেসি। তবে শিষ্যের এই কীর্তিকে মোটেও বিস্ময়কর মনে করছেন না কোচ।
তার মতে, “আমি যে এটা আশা করিনি, মোটেও তেমন নয়। গত দুই দশক ধরে সে একই ধারাবাহিকতায় মাঠে একের পর এক অবিশ্বাস্য কাজ করে যাচ্ছে। শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, গোটা ফুটবল বিশ্বই মুগ্ধ হয়ে মেসির জাদু দেখতে চায়।”
আলজেরিয়ার বিপক্ষে জয়টি সহজ মনে হলেও স্কালোনি জানালেন ভিন্ন কথা। স্কোরবোর্ড ম্যাচের প্রকৃত চিত্র তুলে ধরছে না দাবি করে তিনি বলেন, “ফলাফল দেখে হয়তো সবার মনে হতে পারে ম্যাচটা একপেশে বা সহজ ছিল। কিন্তু বাস্তবের লড়াইটা ছিল বেশ কঠিন ও চরম ট্যাকটিক্যাল। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই স্নায়ুচাপের হয়, আর আলজেরিয়া শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী দল।”
দলগত পারফরম্যান্সের প্রশংসা করে তিনি যোগ করেন, “প্রতিপক্ষ ভালো খেললে অনেক সময় আমাদের রক্ষণাত্মক হতে হয়। ফুটবল কোনো একার খেলা নয়; সবসময় বলের নিয়ন্ত্রণে থাকা সম্ভব হয় না। তবে আমার দলের খেলোয়াড়রা যখন যে দায়িত্ব পায়, সেটি তারা শতভাগ আত্মনিবেদন দিয়েই পালন করে।”
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.