বিনোদন ডেস্ক | ডেইলি ঢাকা প্রেস
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব, আর সেই জ্বরে আক্রান্ত বাংলাদেশের শোবিজ থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের তারকারাও। তবে এই উন্মাদনার মাঝেই নিজের সমর্থন নিয়ে ভক্তদের চরম ধন্দে ফেলে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কয়েক দিনের ব্যবধানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি পোস্ট করে তিনি যেন রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুলেছেন। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—নায়িকা আসলে কোন দলের সমর্থক?
ঘটনার সূত্রপাত গত শনিবার (১৩ জুন)। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হলুদ জার্সি গায়ে একটি আকর্ষণীয় ছবি পোস্ট করেন দীঘি। ক্যাপশনে ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে এই নায়িকা লেখেন, ‘আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি তো ভীষণ উত্তেজিত।’ এই পোস্ট দেখে অনেকেই ধরে নিয়েছিলেন দীঘি হয়তো কট্টর ব্রাজিল সমর্থক। কিন্তু সেই হিসাব বদলে যায় ঠিক তিন দিন পর। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হন তিনি। এবার তার গায়ে শোভা পাচ্ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার সব আর্জেন্টিনীয় ভক্তদের জন্য ভালোবাসা। শুভকামনা!’
দীঘির এমন দ্বৈত রূপ দেখে নেটিজেনদের মনে পড়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় এই তারকা মনেপ্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক হলেও, সম্প্রতি তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রূপে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে ব্রাজিলের খেলা দেখতে তিনি হাজির হয়েছিলেন খোদ ব্রাজিলেরই হলুদ জার্সি গায়ে চাপিয়ে। এমনকি এর আগে দেশীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বেশ রসিকতা করেই বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’
সাকিবের সেই ‘পল্টি’ দেওয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার চিত্রনায়িকা দীঘির টাইমলাইনে দুই দলের জার্সি দেখে বিনোদন ও ক্রীড়াপ্রেমীরা দারুণ মজা পাচ্ছেন। অনেকেই মন্তব্যের ঘরে প্রশ্ন রাখছেন, বিশ্বসেরা অলরাউন্ডারের দেখানো পথেই কি এবার হাঁটলেন ঢালিউডের এই মিষ্টি নায়িকা? সাকিবের পর তবে কি এবার দীঘির ‘পল্টি’ দেখার পালা? আপাতত নায়িকার আসল দল কোনটি, সেই রহস্যের সমাধান খুঁজতে রীতিমতো মেতে উঠেছেন নেটিজেনরা।

