Site icon Daily Dhaka Press

সিলেটে হাম ও নিউমোনিয়ার ভয়াবহ রূপ: আরও ৩ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭২

নিজস্ব প্রতিবেদক | ডেইলি ঢাকা প্রেস

সিলেটে হাম ও নিউমোনিয়ার প্রকোপ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬ জন রোগী। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২ জনে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এই তিন শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের মো. রুমেন মিয়ার ৬ মাস বয়সী ছেলে রাইয়ান, ছাতক উপজেলার আঙুর মিয়ার ৫ মাস বয়সী ছেলে তাউসিফ ইসলাম এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া এলাকার মিনহাজের ৭ মাস বয়সী মেয়ে আমায়রা জান্নাত। এর মধ্যে রাইয়ান শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং বাকি দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

 সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১৭৮ জন, সিলেটে ১০৫ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৪ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কেবল ওসমানী মেডিকেল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালেই ভর্তি আছেন প্রায় দুই শতাধিক রোগী। অন্যান্য রোগীদের বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নতুন করে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

 

Exit mobile version