Site icon Daily Dhaka Press

নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : দেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “নিরাপদ বিদ্যুৎ চাই, বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনা রোধে করণীয়” শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অস্ট্রাল ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামছুল হুদা সরকার (রাজু)।

বক্তারা বলেন, অসচেতনতা, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার, ত্রুটিপূর্ণ সংযোগ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দেশে প্রতি বছর বহু মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত হচ্ছেন। এসব দুর্ঘটনা প্রতিরোধে বাসাবাড়ি, শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মানসম্পন্ন সেফটি সুইচ ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইঞ্জিনিয়ার মো. শামছুল হুদা সরকার (রাজু) বলেন, “বিদ্যুৎ ব্যবহারে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিরাপদ বিদ্যুৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্টের ঝুঁকি কমাতে প্রতিটি ভবনে উন্নতমানের সেফটি সুইচ স্থাপন জরুরি।”

তিনি আরও বলেন, নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমকে সচেতনতামূলক প্রচারণায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বিদ্যুৎস্পৃষ্টজনিত দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা এবং নিরাপত্তা মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা গেলে দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মো. সামসুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. শামছুল হুদা সরকার (রাজু), আলহাজ এম এ বাতেন চৌধুরী, মো. মহিবুল্লাহ (বাবুল), সাংবাদিক মো. হাফিজুর রহমান (রিটু), মো. শাকিল, মো. আয়নাল হুদা সরকার, মো. সাইফুল হুদা সরকার (সোহাগ), মো. সদর আলী, মো. সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ, আজমত উল্লাহ (সুমন), ফাহাদ ও শাফিনসহ আরও অনেকে।

Exit mobile version