Site icon Daily Dhaka Press

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন

ইবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃ বিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেই আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এ তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কাবাডি টিম। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এ অর্জন করে ইবির কাবাডি খেলোয়াড়েরা।

আজ সোমবার (২২ জুন) সকালে কাবাডি টিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে কাবাডি টিমের সদস্যরা। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী উপস্থিত ছিলেন। উক্ত কাবাডি প্রতিযোগিতা ১৮ জুন থেকে ২১ জুন অনুষ্ঠিত হয়। এসময় ইবি উপাচার্য খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

গত শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক কাবাডি খেলা উপহার দেয় ইবি টিম। ম্যাচের বিভিন্ন পর্যায়ে রাবি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ইবির খেলোয়াড়দের দারুণ সমন্বয় ও কৌশলী খেলায় পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ৩৫-৪৮ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রথমবারের অংশগ্রহণেই দেশের অন্যতম বৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি আসরে তৃতীয় স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়টির খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। কাবাডি প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের সাতটি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Exit mobile version