নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি-এর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ‘জিয়া পরিষদ, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)’ শাখার উদ্যোগে ডেসকোর প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এই মাহফিলের আয়োজন করা হয়।
জিয়া পরিষদ ডেসকো শাখার সম্মানিত সভাপতি জনাব সাজেদুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসকোর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেসকোর নির্বাহী পরিচালক (অপারেশন) জনাব আব্দুর রশিদ , নির্বাহী পরিচালক (প্রকৌশল অ:দা: )জনাব মফিজুল ইসলাম ভূঁইয়া ,নির্বাহী পরিচালক (সংগ্রহ ) জুলফিকার তাহমিদ, পরিচালক, প্রজেক্ট ডিরেক্টর জনাব সাইদুর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে মাননীয় মন্ত্রীর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য লাভসহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে আধুনিক বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রপতি, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আরোগ্য কামনায় ডেসকো জিয়া পরিষদের দোয়া মাহফিল

