ক্রীড়া ডেস্ক | ডেইলি ঢাকা প্রেস
নিজের তিল তিল করে গড়া রেকর্ড অন্য কেউ ভেঙে ফেললে স্বভাবতই খারাপ লাগার কথা। মুখে যে যতই বলুক রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, তবু মনের ভেতর একটু আক্ষেপ তো থাকেই। কিন্তু সেই রেকর্ড ভাঙা মানুষটির নাম যদি হয় লিওনেল মেসি, তবে হয়তো আক্ষেপের চেয়ে মুগ্ধতাই বেশি কাজ করে। ঠিক এমনটাই ঘটেছে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ক্ষেত্রে। বিশ্বকাপে নিজের সর্বোচ্চ গোলের ঐতিহাসিক রেকর্ড হাতছাড়া হওয়ার পর অকপটে তিনি মেসিকে ‘সর্বকালের সেরা’ বলে স্বীকৃতি দিয়েছেন।
ডালাসে গত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মুকুট নিজের করে নেন আর্জেন্টাইন জাদুকর। দীর্ঘ ১২ বছর ধরে ৪টি বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৬ গোল নিয়ে এই মর্যাদাপূর্ণ রেকর্ডের একক অধিপতি ছিলেন ক্লোসা। এবার নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে ২৮ ম্যাচে ১৮ গোল করে জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন এলএমটেন। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এই রেকর্ডের যৌথ ভাগীদার ছিলেন তারা দুজন।
২০১৬ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ৪৮ বছর বয়সী ক্লোসা বর্তমানে জার্মান ক্লাব নুরেমবার্গের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজের রেকর্ড ভাঙার পর জার্মান সংবাদমাধ্যম ‘ডয়েচে জেইতাং’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা। অভিনন্দন চ্যাম্পিয়ন!
এর আগে ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর ১৪ গোলের রেকর্ড ভেঙেছিলেন ক্লোসা। পরবর্তীতে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে সেই ব্রাজিলের বিপক্ষেই রোনালদোর রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।
মেসি বনাম ক্লোসা: পরিসংখ্যানের খতিয়ান
-
ক্লোসা বিশ্বকাপে মোট ১৭৯৩ মিনিট মাঠে থেকে ৬৬টি শট নিয়ে ১৬টি গোল পেয়েছিলেন।
-
মেসি অস্ট্রিয়ার ম্যাচ পর্যন্ত ২৪৮৪ মিনিট মাঠে থেকে ১১৮টি শট নিয়ে ১৮ গোল করেছেন।
-
ক্লোসার শট গোলে রূপান্তরের হার ছিল ২৪ শতাংশ। প্রতি ১১২ মিনিটে তিনি একটি করে গোল করেছেন।
-
মেসির শট গোলে রূপান্তরের হার ১৫ শতাংশ এবং প্রতি ১৩৮ মিনিটে তিনি একটি গোল করেছেন।
পরিসংখ্যানের গড়ে ক্লোসা কিছুটা এগিয়ে থাকলেও একটি বিষয় এখানে পরিষ্কার করা প্রয়োজন। জার্মান এই তারকা পুরো ক্যারিয়ারে খেলেছেন একজন আদ্যোপান্ত ‘নিখাদ স্ট্রাইকার’ হিসেবে। অন্যদিকে, মেসি মূলত একজন ‘প্লে-মেকার’ হিসেবে মাঠে নেমেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন।
বর্তমানে বিশ্বকাপে ন্যূনতম ১০ গোল করা মাত্র ১৬ জন খেলোয়াড়ের মধ্যে এবারের আসরে খেলছেন মাত্র তিনজন। তারা হলেন লিওনেল মেসি (১৮ গোল), কিলিয়ান এমবাপ্পে (১৫ গোল) এবং হ্যারি কেইন (১০ গোল)। ২৭ বছর বয়সী এমবাপ্পের সামনে আগামীতে মেসির এই রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

