চট্টগ্রাম প্রতিনিধি : টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে থাকায় চট্টগ্রামের ষোলশহরে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’। এ পরিস্থিতির কারণে ট্রেনটির যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টা থেকে ট্রেনটি ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় আটকা পড়ে। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন। রেললাইন থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত ট্রেনটি গন্তব্যে ছেড়ে যেতে পারছে না বলে জানিয়েছে রেলওয়ে। সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল।
রেলওয়ে সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এর পর ভারি বৃষ্টির ফলে রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি প্রবেশ করে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন। এর পর থেকে ট্রেনটি ওই এলাকায় আটকা পড়ে আছে।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটিকে পুনরায় পেছনে টেনে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে জানালিহাট স্টেশনমাস্টার নেজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেস ট্রেনে এক হাজারের মতো যাত্রী রয়েছেন।

